প্রতিনিধি, মানিকগঞ্জ:
মানিকগঞ্জের দৌলতপুর উপজেলায় কালের সাক্ষী হয়ে দাঁড়িয়ে আছে এই ব্রীজ দীর্ঘ ২০ বছর প্রায় এভাবেই দাঁড়িয়ে আছে কেউ ব্যবহার করেনি। দীর্ঘ দিনের ভোগান্তি পার করছে জনগণ। জানা গেছে, প্রায় ২০ বছর আগে উপজেলার ধামশ্বর ইউনিয়নে ৩টি ব্রীজ নির্মাণ করে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি)। দীর্ঘ ২০ বছর পরেও ব্যবহারের উপযোগী হয়নি নির্মিত ব্রীজগুলো। সরকারের মোটা অংকের ব্যয়ে ব্রীজগুলো নির্মাণ করা হলেও জনস্বার্থে কোন উপকারে লাগছে না। প্রায় ২০ থেকে ২৫টি গ্রামের লোকজনের যাতায়াতের জন্য ব্রীজগুলো নির্মাণ করা হলেও এখন পর্যন্ত এর সুফল পাচ্ছে না এলকাবাসী। ধামশ্বর, কলিয়া ও পয়লা ইউনিয়নসহ আশপাশের এলাকার জনগণ কৃষিকাজের উপর নির্ভরশীল। দীর্ঘদিনের নির্মিত ব্রীজ গুলোর সংযোগ রাস্তা না থাকায় কৃষি পণ্য সরবরাহে চরম ভোগান্তি পোহাতে হচ্ছে এসব এলাকার কৃষকদের। ওই এলাকার জনগণের কাংখিত স্বপ্নের ব্রীজের সংযোগ রাস্তা না থাকায় আধুনিক যানবাহন চলাচল করতে না পারায় ঘোড়ার গাড়ী করে উৎপাদিত কৃষি পণ্য হাট বাজারে আনা নেয়া করে। এতে কৃষকের ব্যয়বহুল খরচ হচ্ছে। অপরিকল্পিত ভাবে নির্মিত ব্রীজগুলো এখন কালের সাক্ষী হয়ে দাঁড়িয়ে আছে। পরিকল্পিতভাবে কবে ব্রীজগুলো ব্যবহার উপযোগী হবে এ নিয়ে ধোয়াশায় রয়েছে এলাকাবাসী। অপরিকল্পিত ভাবে ব্রীজ নির্মাণ হলেও রাস্তা না থাকায় সারা বছর ও প্রাকৃতিক বন্যায় এবং সামান্য বৃষ্টিতেই চলাচলের অনুপযোগী হয়ে পড়ে। যার ফলে কয়েক মাইল ঘুরে যাতায়াত করতে হয় ২০ থেকে ২৫টি গ্রামের জনগনকে। ধামস্বর গ্রামের মোঃ বিপ্লব হোসেন বলেন, প্রায় ২০ বছর আগে ব্রীজগুলো নির্মাণ হলেও এর কোন সুফল পাচ্ছি না। ব্রীজের সংযোগ রাস্তা না থাকায় কয়েক মাইল ঘুরে ঘিওর বাজার এবং মানিকগঞ্জ শহরে যেতে হয়। দৌলতপুর উপজেলা প্রকৌশলী মো: ইশতিয়াক হাসান বলেন, দীর্ঘ দিন পুর্বে নির্মিত অপরিকল্পিত এসব ব্রীজগুলো চলাচলের উপযোগী করতে এলজিইডি’র প্রধান কার্যালয়ে প্রস্তাবনা পাঠানো হয়েছে। এ বিষয়ে দৌলতপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান নুরুল ইসলাম রাজা বলেন, অপরিকল্পিত ভাবে ব্রীজগুলো নির্মাণ করা হয়েছিল। যে উদ্দেশ্যে ব্রীজগুলো নির্মান করা হয়েছিল সেই উদ্দেশ্য বাস্তবায়ন করতে এবং এলাকাবাসীর দুর্ভোগ নিরসনে উপজেলা পরিষদের পক্ষ থেকে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরে (এলজিইডি) প্রস্তাবনা পাঠানো হয়েছে। বর্তমান সরকার উন্নয়নের রোল মডেল হিসেবে দেশে অসংখ্য রাস্তা-ঘাট ব্রীজ-কালভার্ট নির্মান করেছে। আশা রাখি অচিরেই পরিকল্পিতভাবে রাস্তা নির্মাণ করে ব্রীজগুলো চলাচলের উপযোগী করা হবে। এতে কয়েক গ্রামের জনগণ ওই রাস্তা ব্যবহার করতে পারবে।
আলোকিত প্রতিদিন/ ১১ জুন, ২০২১/ দ ম দ

