প্রতিনিধি, সাতক্ষীরা:
সাতক্ষীরায় লকডাউনের মেয়াদ আরও ৭ দিন বৃদ্ধি করা হয়েছে। ১২ জুন (শনিবার) সকাল থেকে তা কার্যকর হয়ে ১৮ জুন মধ্যরাত পর্যন্ত বলবৎ থাকবে। এর আগে ৫ জুন ঘোষিত সপ্তাহব্যাপী লকডাউনের মেয়াদ শেষ হচ্ছে শুক্রবার রাতে। বৃহস্পতিবার দুপুরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত করোনা প্রতিরোধ কমিটির বৈঠকে লকডাউনের মেয়াদ বৃদ্ধির ঘোষণা দেওয়া হয়। এদিকে করোনার সংক্রমনের হার নিয়ন্ত্রণে সপ্তাহব্যাপী লকডাউনের ষষ্ঠ দিনে পুলিশ সাতক্ষীরা শহরের প্রত্যেক গলির মুখে এবং মোড়ে মোড়ে ব্যারিকেড দিয়ে চেকপোস্ট বসিয়েছে। বাঁশ ও চেয়ার টেবিল ফেলে যানবাহন ও বিনা প্রয়োজনে চলাচলে বাঁধা দিচ্ছে পুলিশ। জরুরি প্রয়োজনে মানুষ পায়ে হেঁটে যাতায়াত করছেন। তবে ছাড় রয়েছে জরুরি সেবা প্রতিষ্ঠান ও যানবাহনের জন্য। বন্ধ করে দেওয়া হয়েছে খুলনা ও যশোর থেকে সাতক্ষীরায় প্রবেশের পথ। এদিকে ৫ জুন শুরু হওয়া সপ্তাহব্যাপী লকডাউনের ছয়দিন অতিবাহিত হয়েছে। এর আগে বুধবার ৯৫ জনের নমুনায় করোনা শনাক্তের হার ৫০ শতাংশ হওয়ায় লকডাউনের বাঁধা নিষেধ আরও কড়াকড়ি করা হয়েছে। এরই মধ্যে গ্রামে গ্রামে ছড়িয়ে পড়েছে সর্দি কাশি জ্বর ডায়রিয়ার মতো করোনার নানা উপসর্গ। সাতক্ষীরা পুলিশ সুপার মোস্তাফিজুর রহমান জানান, বৃহস্পতিবার করোনা প্রতিরোধ কমিটির এক বৈঠকে লকডাউন আরও এক সপ্তাহ বৃদ্ধির সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সাতক্ষীরা সিভিল সার্জন অফিসের মেডিকেল অফিসার ডাঃ জয়ন্ত সরকার বলেন, সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতাল ও সদর হাসপাতালে করোনা রোগী ভর্তির জন্য পর্যাপ্ত সিট খালি রয়েছে।
আলোকিত প্রতিদিন/ ১০ জুন, ২০২১/ দ ম দ

