আজ সোমবার, ২৩ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ ।   ৬ এপ্রিল ২০২৬ খ্রিস্টাব্দ

দিনাজপুর কারাগারে প্রথমবারের মতো ফাঁসি কার্যকর

আরো খবর

প্রতিনিধি, দিনাজপুর:
স্ত্রী হত্যার দায়ে দিনাজপুরের জেলা কারাগারে আব্দুল হক নামে একজনের ফাঁসি কার্যকর করা হয়েছে। ৯ জুন, বুধবার দিবাগত রাত ১২ টা ০১ মিনিটে দিনাজপুর জেলা কারাগারে ঐ ব্যক্তির ফাঁসি কার্যকর করা হয়। কারা সুত্রে জানা যায়, ফাঁসি কার্যকর হওয়া আব্দুল হক রংপুরের মিঠাপুকুর উপজেলার ভক্তিপুর চৌধুরীপাড়া এলাকার মৃত্যু আছির উদ্দীনের ছেলে। আব্দুল হক ২০০২ সালে ফেব্রুয়ারী মাসে তার স্ত্রীকে হত্যা করে। পরে আব্দুল হকের শ্বাশুড়ী বাদী হয়ে ২০০২ সালের ৯ ফেব্রুয়ারী মিঠাপুকুর থানায় একটি হত্যা মামলা দায়ের করে। মামলা নং-১৫। ধারা-২০০০ সালের নারী ও শিশু নির্যাতন দমন আইনের ১১(ক), নারী ও শিশু মামলা নং-৩৩৭/২০০২। ২০০৭ সালের ৩ মে রংপুর নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-১ আব্দুল হককে মৃত্যুদন্ডে দন্ডিত করে। পরবর্তীতে হাইকোর্ট ও সুপ্রীমকোর্টে সাজা বহাল থাকায় সর্বশেষ রাষ্ট্রপতির কাছে প্রাণ ভিক্ষার আবেদন করেন আব্দুল হক। রাষ্ট্রপতি সবকিছু বিবেচনায় গত ১৮ মে প্রাণভিক্ষার আবেদন না মঞ্জুর করলে ফাঁসি কার্যকরের উদ্যোগ নেয় কারা কর্তৃপক্ষ। অহিদুল ইসলাম নামের একজন জল্লাদ আবদুল হকের ফাঁসি কার্যকর করেন। ফাঁসি কার্যকরের পর মৃত্যু নিশ্চিত হলে প্রয়োজনীয় আনুষ্ঠানিকতা শেষে তার লাশ পরিবারের সদস্যদের নিকট হস্তান্তর করা হয়। বিষয়টি নিশ্চিত করেছেন জেল সুপার মোকাম্মেল হোসেন। এ সময় রংপুরের উপমহাপরিদর্শক (ডিআইজি-প্রিজন) আলতাফ হোসেন, জেলা প্রশাসক খালেদ মোহাম্মদ জাকী, পুলিশ সুপার মোঃ আনোয়ার হোসেন, সিভিল সার্জন মোঃ আবদুল কুদ্দুছ, চিকিৎসকসহ প্রশাসন ও জেলা কারাগারের কর্মকর্তারা উপস্থিত ছিলেন। স্বাধীনতার পর দিনাজপুর জেলা কারাগারে এটিই প্রথম ফাঁসি কার্যকরের ঘটনা।

আলোকিত প্রতিদিন/ ১০ জুন, ২০২১/ দ ম দ

- Advertisement -
- Advertisement -