প্রতিনিধি, চন্দনাইশ:
”ভূমি সেবা ডিজিটাল, বদলে যাচ্ছে দিনকাল”- এ স্লোগানকে সামনে রেখে সারা দেশের ন্যায় চট্টগ্রামের চন্দনাইশেও শুরু হয়েছে ভূমি সেবা সপ্তাহ ২০২১। ৬ জুন থেকে ৩০ জুন পর্যন্ত ভূমি মালিকদের সেবা প্রদানের জন্য উপজেলা ভূমি অফিস প্রাঙ্গণে স্থাপণ করা হয়েছে ‘ভূমি সেবা বুথ’। এ ব্যাপারে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মাহফুজা জেরিন বলেন,সরকার ভূমি উন্নয়ন কর (ভূমির খাজনা) ব্যবস্থাপনা ডিজিটাল করার কার্যক্রম শুরু করেছে। সরকারি সিদ্ধান্ত অনুযায়ী ৩০ জুনের পর থেকে প্রচলিত (ম্যানুয়াল) পদ্ধতিতে আর ভূমি উন্নয়ন কর আদায় করা হবে না। এর পরিবর্তে অনলাইনে ভূমি উন্নয়ন কর আদায় করা হবে। অনলাইনে ভূমি উন্নয়ন কর পরিশোধের জন্য ভূমি মন্ত্রণালয় একটি অ্যাপ্লিকেশন প্লাটফর্ম তৈরী করেছে। এই প্লাটফর্মের মাধ্যমে ভূমি মালিকগণ ঘরে বসেই অনলাইনে ভূমি উন্নয়ন কর প্রদান করতে পারবেন। এজন্য এলডি ট্যাক্স সিস্টেমে রেজিষ্ট্রেশন করতে হবে।এর ফলে ভূমি মালিকগণ ইউনিয়ন ভুমি অফিসে না গিয়ে অর্থাৎ ঘরে বসে অথবা ইউনিয়ন ডিজিটাল সেন্টারে কিংবা দেশের বাইরে বসেও ভূমি উন্নয়ন কর প্রদান এবং দাখিলা সংগ্রহ করতে পারবেন। এজন্য খতিয়ানের কপি,পূর্ববর্তী দাখিলার কপি, জাতীয় পরিচয়পত্র এবং মোবাইল নাম্বার দিতে হবে। বিকাশ ও নগদের মাধ্যমে ফি পরিশোধের সুযোগ রয়েছে উল্লেখ করে উপজেলার প্রতিটি ইউনিয়নে স্ব স্ব ডিজিটাল সেন্টারে যোগাযোগ করে ভূমি মালিকানা সংক্রান্ত তথ্য অনলাইনে এন্ট্রি দেওয়া নিশ্চিত করার জন্য ভূমি মালিকদের অনুরোধ জানান তিনি। অন্যথায় ভূমি উন্নয়ন কর প্রদানে জটিলতাসহ ভূমির মালিকানা সংক্রান্ত বিভিন্ন সমস্যার সম্মুখীন হওয়ার আশঙ্কা রয়েছে।
আলোকিত প্রতিদিন/ ৮ জুন, ২০২১/ দ ম দ

