নিজস্ব প্রতিনিধি:
সোমবার দুপুর ১২টার দিকে আশুলিয়ার এনাতেপুর এলাকার সাবেক ইউপি সদস্য দেওয়ান হাবিবুর রহমানের সবজিক্ষেত থেকে মরদেহটি উদ্ধার করা হয়। স্থানীয়রা জানান, ঘটনাস্থলের পাশের বাড়িতে কুলখানির আয়োজন করা হয়েছে। ওই বাড়ির মালিক আক্তার হোসেন। তিনি গ্রামের বাড়িতে রয়েছেন। সেখানে থাকা মানুষেরা প্রথমে গন্ধ পান। পরে ক্ষেতে গিয়ে বস্তার ভেতর মানুষের মরদেহ দেখতে পায়। বিষয়টি পরে পুলিশকে জানানো হয়। পুলিশ এসে মরদেহ উদ্ধার করে। সবজিক্ষেতের মালিক হাবিব দেশ বলেন, আমার এই ক্ষেত থেকে গতকাল বিকেলেও সবজি কেটেছি, কোনো কিছুই ছিল না। সকালেও গেট তালাবদ্ধ ছিল। রাতে কেউ এখানে মরদেহ ফেলে গেছে বলে ধারণা করছি। এ বিষয়ে আশুলিয়া থানার উপ-পরিদর্শক (এসআই) শফি উল্লাহ বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে এসে বস্তাবন্দী মরদেহটি উদ্ধার করি। প্রাথমিকভাবে ধারণা করছি, তাকে ৩-৪ দিন আগে হত্যা করা হয়েছে। পরে সুযোগ বুঝে রাতের কোনো এক সময় এখানে ফেলে গেছে। নিহতের পরিচয়, হত্যার কারণ ও অপরাধীদের খুঁজে বের করার চেষ্টা চলছে। এছাড়াও মরদেহ ময়নাতদন্তের জন্য ঢাকার সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানোর প্রক্রিয়া চলছে। সেই সঙ্গে বিষয়টি নিয়ে থানায় একটি অপমৃত্যুর মামলা দায়ের করা হবে বলেও জানান তিনি।
আলোকিত প্রতিদিন/ ৭ জুন, ২০২১/ দ ম দ

