আজ শনিবার, ১২ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ ।   ২৫ এপ্রিল ২০২৬ খ্রিস্টাব্দ

বোয়ালখালীতে জমিজমা সংক্রান্ত বিরোধের জেরে কলেজ ছাত্র খুন

আরো খবর

প্রতিনিধি, চট্টগ্রাম:
জমিজমা সংক্রান্ত বিরোধের জের ধরে বোয়ালখালীতে আলমগীর সালাম ইমন (২৪) নামের এক কলেজ ছাত্রকে খুন করেছে ভূমিদস্যু সন্ত্রাসীরা। ইতিমধ্যেই এই হত্যাকাণ্ডের ঘটনায় ২জনকে আটক করেছে পুলিশ এবং জমিতে দেওয়াল তুলে দখলের কাজে ব্যবহৃত মালামাল জব্দ করে থানায় নিয়ে যাওয়া হয়েছে বলে জানা যায় । বিগত ২৫ মে মঙ্গলবার দিবাগত রাত পৌণে ১টার দিকে উপজেলার পূর্ব চরখিজিরপুর গ্রামের মোবারক আলী ফকিরের বাড়ীতে এ হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে।বোয়ালখালী থানা পুলিশ লাশ উদ্ধার করে বুধবার সকালে ময়না তদন্তের জন্য চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতাল মর্গে পাঠিয়েছে। এ ঘটনায় পুলিশের উর্ধ্বতন কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করেছেন। নিহত আলমগীর হোসেন ইমন পূর্ব চরখিজিরপুর গ্রামের মোবারক আলী ফকির বাড়ীর আবদুল ছালামের ছেলে। সে চট্টগ্রাম হাজী মোহাম্মদ মহসিন কলেজের মাস্টার্সের শিক্ষার্থী ছিলেন। নিহতের পিতা আবদুল ছালাম বলেন, ‘পাশ্ববর্তী নবীদুল হকের ছেলে খোরশেদ আলম দীর্ঘদিন ধরে আমার জায়গা জবর দখলের পাঁয়তারা করে আসছিল। জায়গাটি দখল নিতে একাধিবার হুমকিও ধমকি দিয়ে আসছিলো। গত২৫ মে মঙ্গলবার রাত সাড়ে ১২টার দিকে দেশীয় ধারালো অস্ত্রশস্ত্রসহ প্রায় ৭০ থেকে ৮০ জন বহিরাগত সন্ত্রাসী নিয়ে আমার জায়গা দখল করতে আসে খোরশেদ। তারা বাউন্ডারি ওয়াল নির্মাণের চেষ্টা করলে এ সময় এলাকাবাসীসহ আমরা তাদের বাঁধা দেওয়ার চেষ্টা করে ব্যার্থ হয়ে রাত পৌণে ১টার দিকে বাড়ি ফিরে যাওয়ার সময় বাড়ির ঘাটা থেকে আমার ছেলেকে জোর করে টেনে হিঁচড়ে রাস্তার কিছু দূর নিয়ে গিয়ে হত্যা করে পালিয়ে যায়।’ ইমনের বোন তানভি ছালাম জানান, আমাদের জায়গা তাদের দখলে নিতে হত্যাকারীরা ইতিমধ্যেই কয়েকবার চেষ্টা করেছিলো। এই বিষয় নিয়ে থানায় একাধিকবার বৈঠকও হয়েছিলো কিন্তু এতে থানা পুলিশের কোনো সমাধান হত্যাকারীরা মেনে নেয়নি। স্থানীয় সাবেক মেম্বার হাবিবের লোকজন এবারের শবে বরাতের রাতে জায়গা নিয়ে বাড়াবাড়ি করলে প্রাণ নাশের জন্য হুমকি দিয়ে যায়। তিনি বলেন, ‘আমরা ১ ভাই, ১ বোন। আমার মা অসুস্থ প্যারালাইসড। খোরশেদ আমার বাবাকে বৃদ্ধ পেয়ে বারবার বিভিন্নভাবে হয়রানি ও ভয়ভীতি প্রদর্শন করে আসছিলো। গতকাল মঙ্গলবার রাতে পূর্ব পরিকল্পিতভাবে আমার ভাইকে হত্যা করেছে।’ এ ব্যাপারে বোয়ালখালী থানার দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা (ওসি তদন্ত) আবুল কালাম বলেন, ঘটনার সাথে সাথে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে। এছাড়া হত্যাকাণ্ডের ঘটনায় জড়িত সন্দেহে ইতিমধ্যে তিনজনকে আটক করেছি। এ ঘটনার তদন্ত চলছে এবং ময়না তদন্তের রিপোর্ট হাতে পেলে আরো অগ্রগতি হবে বলে আশা করছি। এই হত্যাকাণ্ডের ঘটনা নিয়ে চরখিজিরপুর গ্রামের সাধারণ মানুষের মাঝে ভীতি ও চাঞ্চল্যকর পরিস্থিতি তৈরি হয়েছে। হত্যার ঘটনায় প্রায় দুই সপ্তাহের মধ্যেও প্রধান আসামি গ্রেফতার না হওয়ায় উৎকন্ঠা প্রকাশ করেন এলাকার সাধারণ বাসিন্দারা।তারা এই হত্যাকাণ্ডের ঘটনার সুষ্ঠু নিরপেক্ষ তদন্তের মাধ্যমে হত্যাকারীদের দ্রুত আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেন।

আলোকিত প্রতিদিন/ ৭ জুন, ২০২১/ দ ম দ

- Advertisement -
- Advertisement -