প্রতিনিধি, শরীয়তপুর:
শরীয়তপুরের শিক্ষার্থীরা শিক্ষা প্রতিষ্ঠান খুলে দেওয়া ও শিক্ষায় ভ্যাট প্রত্যাহারের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করে শিক্ষা মন্ত্রীকে স্মারকলিপি প্রদান করেছে। রবিবার (০৬ জুন) সকাল ১০ টায় শরীয়তপুর বালিকা উচ্চ বিদ্যালয়ের সামনে ঘন্টা ব্যাপী মানববন্ধন শেষে বিক্ষোভ মিছিল করে জেলা প্রশাসকের কার্যালয়ে গিয়ে শিক্ষা মন্ত্রী বরাবর স্মারকলিপি দিয়েছে। মানববন্ধনে চার দফা দাবিতে বক্তারা বলেন, প্রায় দেড় বছর যাবত শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ রেখে সরকার ছাত্র সমাজের সাথে হাস্যরস করে যাচ্ছে অনলাইন ক্লাসের নাম করে। ইন্টারনেট ব্যবস্থা দুর্বল হওয়ার কারণে ৬০-৭০ শতাংশ শিক্ষার্থীরা ক্লাস করতে পারে নাই। সরকার সব কিছু খুলে দিলেও শুধুমাত্র শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ রেখেছে ষড়যন্ত্রমূলক অসৎ উদ্দেশ্য। আমরা আগামী ১৩ জুনের মধ্যে সকল শিক্ষার্থীর ভ্যাকসিন নিশ্চিত করে শিক্ষা প্রতিষ্ঠান খুলে দেওয়ার রোডম্যাপ চাই। অন্যথায় শিক্ষামন্ত্রীকে উচিৎ জবাব দিয়ে আমরা আমাদের শিক্ষা প্রতিষ্ঠান খুলে দেওয়ার ব্যবস্থা করব। বক্তারা এসময় প্রাইভেট শিক্ষায় ১৫ শতাংশ ভ্যাট আরোপের তুমুল সমালোচনা করেছেন। শিক্ষার্থীদের চার দফা দাবিগুলো হচ্ছে ১. স্বাস্থ্যবিধি নিশ্চিত করে সকল শিক্ষা প্রতিষ্ঠান খুলে দিতে হবে। ২. স্থগিত ও আটকে থাকা পরীক্ষাগুলো গ্রহণের জন্য দ্রুত রুটিন প্রকাশ করতে হবে। ৩. অগ্রাধিকারের ভিত্তিতে শিক্ষা প্রতিষ্ঠানের তত্ত্বাবধানে শিক্ষার্থীদের আইডি কার্ডের মাধ্যমে সবাইকে দ্রুত ভ্যাকসিন নিশ্চিত করতে হবে। ৪. করোনাকালে শিক্ষার যে ক্ষতি হয়েছে তা পুষিয়ে নিতে জাতীয় বাজেটে বিশেষ বরাদ্দ নিশ্চিত করতে হবে। মানববন্ধন শেষে মিছিলে ‘শিক্ষা কোনো পণ্য না, শিক্ষা আমার অধিকার’, ‘শিক্ষা আলু-পটল না, শিক্ষায় ভ্যাট দেব না’, ‘এক দফা এক দাবি শিক্ষা প্রতিষ্ঠান খুলে দিবি’ ধিক্কার ধিক্কার শিক্ষামন্ত্রী ধিক্কার, ধিক্কার ধিক্কার অর্থমন্ত্রী ধিক্কার’, স্লোগান দিয়ে শিক্ষার্থীরা জেলা প্রশাসনের কার্যালয়ে গিয়ে জেলা প্রশাসকের মাধ্যমে শিক্ষা মন্ত্রীকে স্মারকলিপি প্রদান করেছেন। স্মারকলিপি প্রদানের সময় উপস্থিত ছিলেন, পারভেজ সাইম, বিকাশ মন্ডল, তাজমুল মাঝি, হাসান সিকদার, জিকে সাজ্জাদ, সাদিয়া ইসলাম আনিকাসহ অনেকে।
আলোকিত প্রতিদিন/ ৬ জুন, ২০২১/ দ ম দ
- Advertisement -

