প্রতিনিধি, চন্দনাইশ (চট্টগ্রাম):
“পুষ্টি, মেধা, দারিদ্র্য বিমোচন-প্রাণিসম্পদ প্রদর্শনীর আয়োজন” এই প্রতিপাদ্য নিয়ে চট্টগ্রামের চন্দনাইশে আগামী শনিবার (৫ জুন) শুরু হতে যাচ্ছে প্রাণিসম্পদ প্রদর্শণী-২০২১।গতকাল ৩ জুন উপজেলা প্রাণিসম্পদ অফিস ও ভেটেরিনারি হাসপাতাল চন্দনাইশ’র আয়োজনে প্রাণিসম্পদ ও ডেইরি উন্নয়ন প্রকল্প (এলডিডিপ) প্রানী সম্পদ অধিদপ্তরের সহযোগিতায় এ প্রদর্শনী শুরু হতে যাচ্ছে। বৃহস্পতিবার (৩ জুন) সকালে উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ও সদস্য সচিব ডা. মোহাম্মদ আরিফ উদ্দিন সংবাদ সম্মেলনের মাধ্যমে স্থানীয় সাংবাদিকদের এ তথ্য জানান। তিনি জানান, উক্ত প্রদর্শনীতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন চট্টগ্রাম-১৪ আসনের সাংসদ বীর মুক্তিযোদ্ধা মো. নজরুল ইসলাম চৌধুরী।বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন উপজেলা পরিষদ চেয়ারম্যান মোহাম্মদ আব্দুল জব্বার চৌধুরী। উপজেলা নির্বাহী কর্মকর্তা সাদিয়া ইসলামের সভাপতিত্বে অন্যান্যের মধ্যে উপস্থিত থাকবেন উপজেলা ভাইস চেয়ারম্যান মৌঃ সোলাইমান ফারুকী ও মহিলা ভাইস চেয়ারম্যান এডভোকেট কামেলা খানম রুপা। তিন পার্বত্য এলাকা ব্যতিত দেশের ৪ শ’ ৬৫ টি উপজেলায় একযোগে এ প্রদর্শনী শুরু হবে। কৃষক ও খামারীদের উৎসাহিত করার জন্য এবং জনসাধারণের জন্য নিরাপদ প্রাণীজ আমিষ সরবরাহ নিশ্চিত করার জন্য এ প্রদর্শনী মেলার আয়োজন করা হচ্ছে উল্লেখ করে ডা. মোহাম্মদ আরিফ উদ্দিন জানান, প্রদর্শনীর লক্ষ উদ্দেশ্য হলো প্রাণিসম্পদের উৎপাদন বৃদ্ধি করা, দুগ্ধজাত পণ্যের গ্রাহক সৃষ্টি করা, ক্ষুদ্র খামারী ও উদ্যোক্তাদের প্রতিকূল পরিবেশ মোকাবেলায় সক্ষমতা সৃষ্টি, বিজ্ঞান ভিত্তিক লালন-পালনের কৌশল অবহিত করা, উন্নত জাতের পশু-পাখি পালনে আধুনিক ব্যবস্থাপনা বিষয়ে পরামর্শ প্রদান করা। মেলায় ১ম, ২য় ও ৩য় স্থান অর্জনকারী খামারীদের পুরষ্কার প্রদানের পাশাপাশি অংশগ্রহণকারী সকল খামারীদের বিশেষ পুরষ্কার ও সনদ প্রদান করা হবে বলে জানান তিনি। সংবাদ সম্মেলনে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা উপসহকারী প্রাণি সম্পদ কর্মকর্তা মোঃ সেলিম উদ্দিন, ইন্টার্নী শিফাতুন জান্নাত, উপসহকারী প্রাণিসম্পদ কর্মকর্তা আজিজ আহমদ, কনক বড়ুয়া, জহুরুল ইসলাম প্রমূখ।
আলোকিত প্রতিদিন/ ৩ জুন, ২০২১/ দ ম দ

