আজ বৃহস্পতিবার, ১০ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ ।   ২৩ এপ্রিল ২০২৬ খ্রিস্টাব্দ

দোহাজারীতে আশ্রয়ণ প্রকল্পের ভূমিহীনদের গৃহ নির্মাণ কাজের অগ্রগতি পরিদর্শন

আরো খবর

প্রতিনিধি, চন্দনাইশ:
মুজিব শতবর্ষ উপলক্ষে প্রধানমন্ত্রীর কার্যালয়ের আশ্রয়ণ-২ প্রকল্পের আওতায় চন্দনাইশ উপজেলার দোহাজারী পৌরসভায় ০.৮০ একর জায়গার ওপর ২২টি ভূমিহীন ও গৃহহীন পরিবারের জন্য গৃহনির্মাণ কাজ এগিয়ে চলছে। শনিবার (২২ মে) দুপুরে দোহাজারী পৌরসভার দিয়াকুল গ্রামে প্রকল্প এলাকায় ভূমিহীন ও গৃহহীনদের জন্য গৃহনির্মাণ কাজের অগ্রগতি পরিদর্শন করেছেন স্থানীয় সরকার মন্ত্রণালয়ের উপপরিচালক বদিউল আলম। এসময় চন্দনাইশ উপজেলা নির্বাহী অফিসার সাদিয়া ইসলাম, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মাহফুজা জেরিন, চট্টগ্রাম জেলা প্রশাসক কার্যালয়ের সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট হুছাইন মুহাম্মদ এবং সোনিয়া হক, চন্দনাইশ উপজেলার প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা প্রকৌশলী জহিরুল ইসলাম উপস্থিত ছিলেন। পরিদর্শণকালে গৃহ নির্মাণ কাজের গুনগত মান যাচাই করা হয়। সর্বাধিক গুরুত্ব দিয়ে গুনগত মান বজায় রেখে নির্মাণ কাজ নির্ধারিত সময়ে সম্পন্ন করতে সংশ্লিষ্ট সকলকে অনুরোধ করেন স্থানীয় সরকার মন্ত্রণালয়ের উপপরিচালক বদিউল আলম। আগামী মাসে মাননীয় প্রধানমন্ত্রী  নির্মাণ কাজের আনুষ্ঠানিক উদ্বোধন করবেন বলে জানান তিনি। এ বিষয়ে উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা প্রকৌশলী জহিরুল ইসলাম জানান,”যাদের ভূমি ও ঘর নাই এমন শ্রেণীর মানুষ যেন সুখে-শান্তিতে বসবাস করতে পারে, কেউ যেন ভূমি ও গৃহহীন না থাকে সেজন্য চন্দনাইশে ভূমি ও গৃহহীন মানুষের জন্য  আশ্রয়ন প্রকল্প-২ এর অধীনে ৫৬টি ঘর নির্মাণ হচ্ছে। প্রতিটি ঘর নির্মাণ কাজের ব্যয় ধরা হয়েছে ১ লাখ ৯০ হাজার টাকা। দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রণালয়ের টিআর কর্মসূচির আওতায় দোহাজারী পৌরসভার দিয়াকুল মৌজায় ০.৮০ একর জমির ওপর ২২টি ঘর নির্মাণ হচ্ছে। দুই কক্ষ বিশিষ্ট প্রতিটি ঘরের সাথে একটি টয়লেট, রান্নাঘর ও সামনে খোলা বারান্দা থাকবে। ঘর গুলো নির্মাণে যেন কোন প্রকার ত্রুটি না থাকে এবং নির্ধারিত সময়ে নির্মাণ কাজ শেষ হয় সেজন্য সর্বোচ্চ সতর্কতা ও নিষ্ঠার সাথে দায়িত্ব পালন করার চেষ্টা করছি।”
আলোকিত প্রতিদিন / ২২ মে, ২০২১/ দ ম দ
- Advertisement -
- Advertisement -