আলোকিত ডেস্ক : শনিবার (২২ মে) সকালে আবহাওয়া অধিদফতর জানিয়েছে, আজ শনিবারের মধ্যেই উত্তর আন্দামান সাগর এবং আশপাশের এলাকায় একটি লঘুচাপ তৈরি হতে পারে। পরবর্তীতে এটি উত্তরপশ্চিম দিকে অগ্রসর হয়ে ২৬ মে নাগাদ উড়িষ্যা-পশ্চিমবঙ্গ-বাংলাদেশের খুলনা উপকূলে পৌঁছতে পারে ঘুর্ণিধড় ‘যশ’। পরবর্তী তিন দিনের শেষের দিকে বৃষ্টি/বজ্রসহ বৃষ্টিপাতের প্রবণতা বাড়তে পারে এবং তাপমাত্রা কমতে পারে বলেও জানিয়েছে অধিদফতর।
বিশ্ব আবহাওয়া সংস্থার সাইক্লোন সংক্রান্ত আঞ্চলিক সংস্থা এসকাপের তালিকা অনুযায়ী ‘যশ’ নামটি প্রস্তাব করেছে ওমান। এর অর্থ ‘হতাশা’, দুঃখ। পারসি ভাষা থেকে এই শব্দটি এসেছে। ভারত, বাংলাদেশ, মিয়ানমার, ওমান, পাকিস্তান, কাতার, সৌদি আরব, শ্রীলঙ্কাসহ ১৩টি দেশ নিয়ে গঠিত কমিটি ওমানের দেওয়া এই নাম ঠিক করেছে।
পূর্বাভাসে বলা হয়েছে, রংপুর, ময়মনসিংহ ও সিলেট বিভাগের কিছু কিছু জায়গায় এবং যশোর, কুষ্টিয়া, কুমিল্লা ও সিলেট অঞ্চলসহ রাজশাহী ও ঢাকা বিভাগের দু-এক জায়গায় অস্থায়ীভাবে দমকা/ঝড়ো হাওয়াসহ বৃষ্টি/বজ্রসহ বৃষ্টি হতে পারে। এছাড়া দেশের অন্যত্র অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে। রাঙ্গামাটি, কুমিল্লা, চাঁদপুর, নোয়াখালী, মৌলভীবাজার, ফেনী ও পাবনা জেলাসহ ঢাকা, খুলনা ও বরিশাল বিভাগের উপর দিয়ে মৃদু থেকে মাঝারি ধরনের তাপপ্রবাহ বয়ে যাচ্ছে এবং তা অব্যাহত থাকতে পারে।
আলোকিত প্রতিদিন / সাগর

