প্রতিনিধি, নোয়াখালী:
কৃষি জমি সুরক্ষা আইন ও জমির শ্রেণীর পরিবর্তন সংক্রান্ত আইনকে বৃদ্ধাঙ্গুলি প্রদর্শন করে বছরের পর বছর মাটি খনন করে যাচ্ছে নোয়াখালী ইউনিয়নের শীর্ষ মাটি খেকো ওলেমান ওরফে মাটি ওলেমান। আর এ কাজে সহযোগিতা করছেন তারই স্ত্রী স্হানীয় সংরক্ষিত নারী আসনের মহিলা মেম্বার। স্হানীয় গ্রামবাসীর ভাষ্যে জানা যায়, বিগত ৩ বছর মাটির ব্যবসা করে কোটি কোটি টাকার মালিক বনে যান ওলেমান। এর জন্য শত শত গ্রামবাসীর অনুরোধ উপেক্ষা করে মাটি খনন অব্যাহত রাখেন। নোয়াখালী ইউনিয়নের ৪ নং ওয়ার্ডে দেদারসে মাটি খনন হচ্ছে এমন সংবাদের নড়েচড়ে বসে প্রশাসন। আজ মঙ্গলবার দুপুর ১২ টায় সদর সহকারি কমিশনার ভূমি ফাতিমা সুলতানার নেতৃত্বে মোবাইল কোর্ট পরিচালনা করা হয়। অভিযান পরিচালনার খবরে মাটির ট্রাক্টর, এ্যাসকাভেটর ও মোটরসাইকেল ফেলে পালিয়ে যায় কথিত ওলেমান ও তার সাঙ্গরা।এ সময় সহকারি কমিশনার ভূমি ফাতিমা সুলতানা কাউকে না পেয়ে ঘটনাস্থল থেকে ১ টি ট্রাক্টর, ১ টি এ্যাসকাভেটর ও ১ টি নম্বর প্লেট বিহীন মোটরসাইকেল জব্দ করে। জব্দকৃত গাড়ীর বাজার মূল্য আনুমানিক ৩০ লক্ষাধিক টাকার মতো বলে জানা যায়। এ সময় জব্দকৃত মালামাল স্হানীয় ইউপি চেয়ারম্যানের জিম্মায় হস্তান্তর করা হয়। নির্বাহী ম্যাজিস্ট্রেটের এমন পদক্ষেপে মাটি খেকো সন্ত্রাসীদের বুকে কাঁপন ধরে যায় বলে জানান এলাকাবাসী। জনস্বার্থে এ ধরনের অভিযান চলবে বলে জানান ফাতিমা সুলতানা।
আলোকিত প্রতিদিন / ২৭ এপ্রিল, ২০২১ / দ ম দ
- Advertisement -

