আজ সোমবার, ২৩ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ ।   ৬ এপ্রিল ২০২৬ খ্রিস্টাব্দ

টাঙ্গাইলে কর্মহীন মানুষের জন্য হটলাইন সেবা চালু

আরো খবর

প্রতিনিধি, টাঙ্গাইল:

করোনাভাইরাস সংক্রমণ প্রতিরোধে কর্মহীন হয়ে পড়া মানুষের জন্য পুনরায় হটলাইন সেবা চালু করেছেন টাঙ্গাইল-৫ (সদর) আসনের সংসদ সদস্য ছানোয়ার হোসেন। গত বছরও করোনা প্রথম ঢেউয়ে তিনি কর্মহীন মানুষের জন্য হটলাইন সেবা চালু করেছিলেন।

জানা যায়, করোনাভাইরাসের কারণে সামাজিক দূরত্ব বজায় রাখতে গিয়ে কর্মহীন হয়ে পড়ছেন মানুষ। অনেকেই লজ্জায় অভাবের কথা কাউকে বলতে পারেন না। এসব অসহায় কর্মহীন মানুষ যাতে না খেয়ে থাকে, সেই লক্ষ্যে তিনি এ সেবা চালু করেছেন। অসহায় দুস্থ ও নিম্ন আয়ের মানুষের মাঝে এবং জনসাধারণের মধ্যে যারা লাইনে দাঁড়িয়ে বা জনসম্মুখে খাদ্যসামগ্রী গ্রহণ করতে সংকোচবোধ করেন, তাদের নাম সম্পূর্ণ গোপন রেখে প্রত্যেকের বাড়িতে খাদ্যসামগ্রী পৌঁছে দেওয়ার জন্য পুনরায় হটলাইন সেবা চালু করেছেন। এ সেবায় পরিচালনায় রয়েছে টাঙ্গাইল সদর উপজেলা ছাত্রলীগ। কল করলেই খাদ্যসামগ্রী পৌঁছে দেওয়া হচ্ছে বাড়ি বাড়ি। হটলাইন নম্বর হচ্ছে-০১৭২৩-৪১২৭৫৮ ০১৮২২৪৪০০৮৮ ০১৭৩৫০২৪২৯৪ ০১৭৩৪০৯৪৯৪৩ ০১৬২০৫২২২৮০

টাঙ্গাইল সদর উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পদক ফিরোজ আহমেদ ফরিদ বলেন, ‘আমাদের সমাজের অনেক মানুষ আছেন, যারা অভাবে না খেয়ে থাকবেন, তারা মানুষের কাছে অভাবে কথা বলতে পারবে না। ওইসব মানুষের জন্য হটলাইন সেবা চালু করেছেন সদর আসনের এমপি ছানোয়ার হোসেন। ফোন পাওয়ার সঙ্গে সঙ্গেই বাড়ি বাড়ি গিয়ে ত্রাণসামগ্রী পৌঁছে দেওয়া হচ্ছে। প্রত্যেককে পাঁচ কেজি চাল, দুই কেজি আলু, এক কেজি ডাল, এক কেজি লবণ, এক কেজি পেঁয়াজ, হাফ কেজি তেল ও দুই প্যাকেট বিস্কুটসহ ত্রাণসামগ্রী দেওয়া হচ্ছে।’

মো. ছানোয়ার হোসেন (এমপি) বলেন, ‘করোনাভাইরাসের সংক্রমণ রোধে কঠোর লকডাউনের শুরু থেকে পর্যায়ক্রমে টাঙ্গাইল সদর উপজেলায় ত্রাণসামগ্রী দেওয়া শুরু হয়েছে। সদর উপজেলার পাশাপাশি টাঙ্গাইল পৌরসভায় চলমান লকডাউনে প্রকৃত কর্মহীন, অসহায়-দুস্থ মানুষের মাঝে খাদ্যসামগ্রী হটলাইনের মাধ্যমে ঘরে ঘরে পৌঁছে দেওয়া হচ্ছে। এছাড়াও সরকারি বিভিন্ন সহযোগিতা প্রদান করা হবে।’

তিনি আরও বলেন, ‘ছাত্রলীগের মাধ্যমে ইফতার সামগ্রী বিতরণ করা হচ্ছে। হটলাইনে প্রতিদিন একশ’র অধিক নাম আসে। তাদের মধ্যে অনেকেই অভাবি নয়। এগুলো যাচাই-বাছাই করে প্রকৃতভাবে যারা পাওয়ার যোগ্য, তাদের ত্রাণসামগ্রী দেওয়া হচ্ছে। গত বছরের চেয়ে এ বছর কর্মহীন মানুষের সংখ্যা কম। গত বছর সবই বন্ধ ছিল। এবছর তাও ট্রাক, পিকআপ, সিএনজি আবার অনেকেই দোকানের এক সাটার খুলে দোকান করছেন। তারপরও অনেক মানুষ কর্মহীন।’

আলোকিত প্রতিদিন / ২৫ এপ্রিল, ২০২১ /

- Advertisement -
- Advertisement -