প্রতিনিধি,মুন্সীগঞ্জ:
মুন্সীগঞ্জের সদর উপজেলার মুক্তারপুরের এলাইড কোল্ড স্টোরেজে অভিযান চালিয়ে ৮ হাজার কেজি খাওয়ার অনুপযোগী পঁচা খেঁজুর জব্দ করা হয়েছে। জব্দকৃত খেজুরের আনুমানিক মূল্য বাজার মূল্য প্রায় ৩০ লাখ টাকা। এ সময় কোল্ড স্টোরেজের ম্যানেজার আতাউল্লাহকে আটক করা হয়। পরে ভ্রাম্যমাণ আদালত বসিয়ে তাকে ৩ লাখ টাকা জরিমানা করা হয়েছে। বুধবার ২১ এপ্রিল সকালে নির্বাহী ম্যাজিস্ট্রেট মাহমুদ আশিক কবিরের নেতৃত্বে এই ভ্রাম্যমাণ আদালত পরিচালিত হয়। ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট মাহমুদ আশিক কবির জানান, নিয়মানুযায়ী যথাযথভাবে সংরক্ষণের অভাবে খেঁজুরগুলো নষ্ট হয়ে খাওয়ার অনুপযোগী হয়ে পড়ে। এই নষ্ট খেঁজুরই বাজারজাত করা হচ্ছিল। ফাঙ্গাস জমে যাওয়া এই পঁচা খেঁজুর খেলে মানুষের রোগাক্রান্ত হওয়ার মারাত্মক ঝুঁকি রয়েছে। তাই নিরাপদ খাদ্য আইন ২০১৩ ধারা অনুসারে কোল্ড স্টোরেজের ম্যানেজারকে ৩ লাখ টাকা জরিমানা করা হয়েছে। খাবারের যথাযথ মান বজায় রাখতে অভিযান চালানো হয়। জেলা স্যানেটারি পরিদর্শক গাজী মো. আমিন জানান, পলিথিনে না রেখে খেজুরগুলো খোলা রাখার কারণেই ফাঙ্গাস জমে যায়। খেঁজুরের মধ্যে ইঁদুর বাসা বেঁধে বাচ্চা পর্যন্ত ফুটিয়েছে। রোজাদার মানুষসহ সাধারণ মানুষ এই খেঁজুর খেলে রোগাক্রান্তের মারাত্মক ঝুঁকি রয়েছে। পরে জব্দকৃত খেঁজুর নদীর পাড়ে বালুর নিচে পুঁতে রেখে ধ্বংস করে দেয়া হয়।
আলোকিত প্রতিদিন / ২১ এপ্রিল, ২০২১ / দ ম দ

