আজ শুক্রবার, ১৩ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ ।   ২৭ মার্চ ২০২৬ খ্রিস্টাব্দ

খুলনায় লকডাউন তদারকিতে পুলিশের ৪৭টি চেকপোস্ট

আরো খবর

প্রতিনিধি, খুলনা:

মহামারী করোনাভাইরাস প্রতিরোধে সারাদেশের মতো শিল্প ও বন্দর নগরী খুলনায় চলছে সর্বাত্মক লকডাউন। কঠোর লকডাউন কার্যকরে বিভিন্ন জায়গায় তৎপর রয়েছে পুলিশ। সরকার নির্দেশিত বিধিনিষেধ বাস্তবায়ন করার জন্য মাঠ পর্যায়ে অক্লান্ত পরিশ্রম করে যাচ্ছে পুলিশ। খুলনা মহানগর ও জেলা পুলিশ স্বাস্থ্যবিধি মেনে চলাচলের বিষয়ে নানা প্রচার-প্রচারণা চালিয়ে যাচ্ছে। সেইসঙ্গে খুলনার প্রবেশদ্বারসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে ৪৭টি চেকপোস্টে পুলিশের তদারকি চলছে।

এর মধ্যে খুলনা মহানগরে ২৬টি এবং জেলায় ২১টি চেকপোস্ট বসিয়েছে। খুলনার অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) এহতেশামুল হক বলেন, মন্ত্রিপরিষদের জারি করা বিধিনিষেধ বাস্তবায়নে খুলনা জেলা পুলিশ সার্বক্ষণিক দায়িত্বপালন করে যাচ্ছে। এ লক্ষ্য পুলিশের পক্ষ থেকে জেলার বিভিন্ন স্থানে ২১টি চেকপোস্টে তদারকি করা হচ্ছে। তার দেয়া তথ্য মতে, ২১টি চেকপোস্টের মধ্যে রূপসার ফেরিঘাট, সেনের বাজার, কুদির বটতলা, রূপসা ব্রীজ, রূপসা বাসস্ট্যান্ড বাজার, তেরখাদা বাজার, দিঘলিয়ার সেনহাটি বাজার, পথের বাজার, ডুমুরিয়া বাজার, চুকনগর, শাহাপুর বাজার, চুকনগর বাজার, ফুলতলা বাজার, যুগ্মিপাশা, বটিয়াঘাটা বাজার, দারোগার ভিটা, দাকোপের চালনা বাজার, পাইকগাছা বাজার, কপিলমুনি বাজার, কয়রা বাজার ও আমাদি বাজারে পুলিশ তদারকি করছে।

খুলনা মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত উপ-কমিশনার (মিডিয়া) মোঃ জাহাঙ্গীর হোসেন স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, খুলনা মহানগরীর প্রবেশদ্বারসহ বিভিন্ন স্থানে সর্বমোট ২৬টি চেকপোস্ট বসিয়ে কঠোর লকডাউন বাস্তবায়নের জন্য চেকপোস্ট কার্যক্রম জোরদার করা হয়েছে এবং এই কার্যক্রম চলমান রয়েছে। চলমান লকডাউন কার্যক্রমে কেএমপির ৮টি থানা এলাকায় গত ১৪ এপ্রিল থেকে ১৬ এপ্রিল পর্যন্ত আটককৃত মোটরসাইকেল ১৭টি, সিএনজি ৩টি, অন্যান্য ১০টিসহ মোট ৪০৬টি গাড়ি জব্দ করা হয়েছে এবং এ সংক্রান্তে ৮৯টি মামলা দায়ের করা হয়েছে। তিনদিনে মাস্ক পরিধান না করা, স্বাস্থ্যবিধি মেনে না চলা এবং অপ্রয়োজনে বাইরে বের হয়ে ঘোরাঘুরি করার অপরাধে কেএমপি’র বিভিন্ন থানার সহযোগিতায় ভ্রাম্যমাণ আদালত ও ট্রাফিক পুলিশের মাধ্যমে আইন অমান্যকারীদের বিরুদ্ধে মামলা হয়েছে ৫৫টি এবং ৮২ জন ব্যক্তিকে ৮৫,৭৫০ টাকা জরিমানা করা হয়েছে।

এছাড়া লকডাউন কার্যকর করতে কেএমপি’র ১০টি মোবাইল টিম, গোয়েন্দা পুলিশের ২টি টিম, থানা, ফাঁড়ি এবং ট্রাফিক পুলিশের সদস্যরা ২৪ ঘন্টা নিরলসভাবে কাজ করে যাচ্ছেন।

আলোকিত প্রতিদিন / ১৮ এপ্রিল, ২০২১ / দ ম দ

- Advertisement -
- Advertisement -