প্রতিনিধি, সাভার:
বেগুনী পাতার ধান চাষ করে ব্যাপক সাড়া ফেলেছে সাভার উপজেলার পাথালিয়া ইউনিয়নের মাদারটেক গ্রামের কৃষক কাউসার মিয়া। তিনি প্রথমবারের মতো এই বেগুনী পাতার ধান চাষ করেছেন। এতে করে ব্যাপক সাড়া পড়েছে স্থানীয়দের মাঝে। মাদারটেক গ্রামে নিজ বাড়ীর পাশে প্রায় দুই বিঘা জামিতে বেগুনি ধান চাষ করছেন তিনি। কৃষক কাউসার মিয়া জানান, তিনি ফেসবুকের মাধ্যমে প্রথমে বেগুনী রংয়ের ধান চাষ করতে দেখে মুগ্ধ হয়ে বেগুনী রংয়ের ধানের প্রতি আগ্রহ জাগে। পরে কুমিল্লার এক কৃষি কর্মকর্তার মাধ্যমে তিনি এ জাতের বীজ সংগ্রহ করে এই ধান চাষ শুরু করছেন। উপজেলা কৃষি সম্প্রসারণ সূত্রে জানা যায়, নতুন চাষ শুরু হওয়া এ ধানের নাম পার্পল লিফ রাইস। দেশে সর্বপ্রথম এ জাতের ধানের আবাদ শুরু হয়েছিল গাইবান্ধায়। এ ধানের চারা রোপণ থেকে ধান পাকতে সময় লাগে ১২০-১২৫ দিন এবং একর প্রতি ফলন ৫৫ থেকে ৬০ মণ হয়ে থাকে। সাভার উপজেলা কৃষি কর্মকর্তা নাজিয়াত আহমেদ বলেন, বেগুনি রঙের এই ধান বিদেশি নয়। এটা আমাদের দেশি জাতের ধান। আগে অন্যান্য জেলায় চাষ হয়েছে, এবার প্রথমবারের মতো সাভারে চাষ হচ্ছে।
আলোকিত প্রতিদিন / ১৭ এপ্রিল, ২০২১ / দ ম দ

