নিজস্ব প্রতিবেদক : জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন জানান, আগামী দু-একদিনের মধ্যে অর্ধেক জনবল নিয়ে সরকারি অফিস পরিচালনার বিষয়টি পুরোপুরি কার্যকর হবে । বুধবার সচিবালয়ে নিজ দপ্তরে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ তথ্য জানান।
নির্দেশনাটির বাস্তবায়ন কতদূর- জানতে চাইলে জনপ্রশাসন প্রতিমন্ত্রী বলেন, গত পরশু যে প্রজ্ঞাপনটি আমরা দিয়েছি, সে অনুযায়ী সরকারি আধা-সরকারি, স্বায়ত্তশাসিত যেসব প্রতিষ্ঠান আছে সেখানে ৫০ শতাংশ জনবল নিয়ে যাতে অফিস পরিচালনা করা হয় সেই নির্দেশনা দেয়া আছে। সে অনুযায়ী আমরা বিভিন্ন মন্ত্রণালয়কে বার্তা দিয়েছি। বিভিন্ন মন্ত্রণালয় ইতোমধ্যে শতভাগ বাস্তবায়ন করতে পেরেছে। যেহেতু হঠাৎ করে এটি, তাই কেউ কেউ হয়তো ৭০ শতাংশ করতে সক্ষম হয়েছে। আশা করি দু-একদিনের মধ্যে যারা অত্যন্ত জরুরি কাজে সম্পৃক্ত নন সেখানে জনবলের অর্ধেক থাকবেন।
প্রতিমন্ত্রী আরো বলেন, অর্ধেক জনবল দিয়ে অফিস করার ক্ষেত্রে কাজে কোনো নেতিবাচক প্রভাব পড়বে না । আমরা ডিজিটাল প্ল্যাটফর্মে অনেক অভ্যস্ত হয়ে পড়েছি। আমরা একটি বছর বাসা থেকে সফলভাবে অফিস পরিচালনা করেছি।
আমরা যে ডিউটি রোস্টার করব সে অনুযায়ী হয়তো কাউকে কাউকে তিনদিন অফিসে থাকতে হবে, দু’দিন বাসায় থেকে কাজ করবে। পরের সপ্তাহে আবার যারা বাসায় ছিলেন তারা অফিস করবেন।
আলোকিত প্রতিদিন
৩১ মার্চ-২০২১ সা হা

