রাজশাহী প্রতিনিধি : বার্ধক্যজনিত কারণে বুধবার (৩১ মার্চ) বিকেলে ভাষাসৈনিক আবুল হোসেন রাজশাহী মেডিক্যাল কলেজ (রামেক) হাসপাতালে ইন্তেকাল করেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্নাইলাহি রাজিউন)।
মৃত্যুকালে ভাষাসৈনিক আবুল হোসেনের বয়স হয়েছিলো ৮৭ বছর। তার দুই ছেলে ও এক মেয়ে, সহধর্মিণী আগেই মৃত্যুবরণ করেন। আবুল হোসেনের বড় ছেলে আবুল হাসনাত বিদ্যুৎ জানান, বুধবার দুপুরের পর হঠাৎ করেই তার বাবার কোনো সাড়া শব্দ পাচ্ছিলেন না। বিকেল ৪টা ১৫ মিনিটে রামেক হাসপাতালে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা শেষে মৃত ঘোষণা করেন।
বর্তমানে তার মরদেহ মহানগরীর শিরোইল মঠপুকুরে থাকা নিজ বাসভবনে নিয়ে যাওয়া হয়েছে। ভাষাসৈনিক আবুল হোসেনের মরদেহ সর্ব সাধারণের শ্রদ্ধা নিবেদনের জন্য সন্ধ্যা ৭টা থেকে রাত্রী ৮টা পর্যন্ত ভুবন মোহন পার্ক শহীদ মিনারে রাখা হবে। সাড়ে ৯টায় টিকাপাড়ায় থাকা মহানগর ঈদগাহ ময়দানে তার জানাজার নামাজ অনুষ্ঠিত হবে। এরপর টিকাপাড়া কবরস্থানে তার মরদেহ দাফন করা হবে।
আলোকিত প্রতিদিন
৩১ মার্চ-২০২১ সা হা

