প্রতিনিধি, জামালপুর:
রেলমন্ত্রী এডভোকেট মোঃ নুরুল ইসলাম সুজন বলেছেন, আগামী বছরের মধ্যে জামালপুর থেকে ট্রেনে চড়ে যাওয়া যাবে কক্সবাজারে । শুধু কক্সবাজার নয় রেললাইনের কাজ শেষ করে খুব শীঘ্রই ট্রেন যাওয়া যাবে সুন্দরবন। ফলে আগামী বছরের মধ্যেই রেলে চড়ে এই জেলার মানুষ কক্সবাজার এবং সুন্দরবন পর্যন্ত যাতায়াত করতে পারবেন।
রেলপথ মন্ত্রী আরো বলেন, রেলওয়েকে ঢেলে সাজাতে মহাপরিকল্পনা গ্রহণ করেছে সরকার। ইতোমধ্যে নতুন বগি ও লোকমোটিভ ইঞ্জিন আমদানি করা হয়েছে। যাত্রী সেবার মানও আগের তুলনায় আধুনিকায়ন এবং অনেক উন্নত হয়েছে।
মন্ত্রী বলেন, জামালপুর-ময়মনসিংহ-ঢাকা রুটে শীঘ্রই ডাবল লাইনের কাজ শুরু হবে। তখন জামালপুর থেকে ঢাকায় ট্রেনযোগে যাতায়াতের সময় অনেক কমে যাবে।
হাইকোর্টের নির্দেশনার পরিপ্রেক্ষিতে মন্ত্রী বলেন, সকল আন্তঃনগর ট্রেনে নারী, শিশু, সিনিয়র নাগরিক ও শারীরিক প্রতিবন্ধীদের আসন সংরক্ষিত রাখার সম্ভাব্যতা যাচাই করে দেখা হচ্ছে। রেলওয়ের আইন অনুযায়ী আসন সংরক্ষিত রাখার জন্য প্রয়োজনীয় পদপেক্ষ নেওয়া হবে।
তিনি বলেন, রেলওয়ে এতো দিন অবহেলিত ছিলো। আওয়ামী লীগ সরকার ক্ষমতায় এসে মৃতপ্রায় রেলপথের প্রাণ ফিরিয়ে এনেছে। রেলপথের উন্নয়নের সর্বোচ্চ গুরুত্ব দিয়ে কাজ চলছে।
তিনি আজ দুপুরে জামালপুরের দেওয়ানগঞ্জ স্টেশনে নতুন রূপে নতুন সাজে আন্তঃনগর ব্রহ্মপুত্র এক্সপ্রেস ট্রেনের যাত্রা উদ্বোধনী অনুষ্ঠানে এসব কথা বলেন।
অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে তথ্য প্রতিমন্ত্রী ডাঃ মুরাদ হাসান. ধর্ম প্রতিমন্ত্রী ফরিদুল হক খান, বাংলাদেশ আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মির্জা আজম এমপি, ইঞ্জিনিয়ার মোজাফফর হোসেন এমপি, বাংলাদেশ রেলওয়ে পূর্ব এর মহাপরিচালক জাহাঙ্গীর হোসেন,জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ফারুক আহাম্মেদ চৌধুরী, উপজেলা আওয়ামী লীগের সভাপতি ইসতিয়াক হোসেন দিদার ও সাধারণ সম্পাদক আবুল কালাম আজাদ বক্তব্য রাখেন।
পুরাতন বগি দিয়ে আন্তঃনগর ব্রহ্মপুত্র এক্সপ্রেস ট্রেনটি ঢাকা-জামালপুর-দেওয়ানগঞ্জ রুটে যাত্রী পরিবহণ করে আসছিল। নতুন বগি সংযোনের দীর্ঘদিনের দাবি ছিলো যাত্রী সাধারণের। সেই দাবি পূরণ হলো নতুন রূপে, নতুন সাজে ট্রেনের যাত্রা উদ্বোধনের মাধ্যমে। ট্রেনটি দেওয়ানগঞ্জ প্রান্ত থেকে ভোর ৬টা ৩০ মিনিটে ছেড়ে জামালপুর-ময়মনসিংহ-গফরগাঁও স্টেশন হয়ে ঢাকায় পৌছাবে বেলা ১২ টা ৩০ মিনিটে। আবার ঢাকা থেকে দেওয়ানগঞ্জ স্টেশনের উদ্দেশ্যে ছাড়বে বিকাল ৬টায়।
আলোকিত প্রতিদিন/১১ মার্চ-২১/দ.ম.দ

