সৈয়দ এনামুল হুদাঃ মানিকগঞ্জে জেলা ছাত্রলীগের উদ্যোগে নোয়াখালীর বেগমগঞ্জে এক নারীকে নগ্ন করে নির্যাতন এবং সারাদেশের বিভিন্ন স্থানে ধর্ষণ ও নারী নির্যাতন ঘটনার প্রতিবাদ, নারীর প্রতি সহিংসতা বন্ধে ও এর স্থায়ী অবসানের দাবিতে এবং এ সকল ঘটনার সাথে জড়িতদের দ্রুত গ্রেপ্তার ও সর্বোচ্চ শাস্তি মৃত্যুদন্ডের দাবীতে “আলোক প্রজ্জ্বালন” কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। বুধবার (৭ অক্টোবর) সন্ধ্যা ৬ ঘটিকায় কেন্দ্রীয় ছাত্রলীগের দিক নির্দেশনায় মানিকগঞ্জ শহরের শহীদ রফিক চত্বরে এ “আলোক প্রজ্জ্বালন” কর্মসূচির আয়োজন করেন মানিকগঞ্জ জেলা ছাত্রলীগের সভাপতি কাজী রাজু আহমেদ বুলবুল এবং সাধারন সম্পাদক আব্দুল্লাহ আল মামুন। এসময় উপস্থিত ছিলেন, মানিকগঞ্জ জেলা ছাত্রলীগের সহসভাপতি মাসুদুর রহমান, সাংগঠনিক সম্পাদক আল আমিন হোসেন, কাজী শিহাব হোসেন আলিফ, সরকারী দেবেন্দ্র কলেজ ছাত্রলীগের সাধারন সম্পাদক আসিফ হোসেন শিশির, পৌর ছাত্রলীগের সভাপতি পিয়াস, সাধারন সম্পাদক অভিজিত। এছাড়াও ছাত্রলীগের বিভিন্ন স্তরের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। এসময় মানিকগঞ্জ জেলা ছাত্রলীগের সভাপতি কাজী রাজু আহমেদ বুলবুল বলেন, দেশের সকল ধর্ষককে দ্রুত আইনের আওতায় এনে তাদের সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করা হোক। এমনকি যারা ধর্ষক বা এর সাথে সংশ্লিষ্ট তাদেরকে দ্রুত আইনের আওতায় এনে সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড নিশ্চিত করা হয়। আর এটি করলেই যারা এই ধরনের মনমানসিকতা লালন করে তারা ভয় পাবে। সর্বশেষ তিনি সকলকে ধর্ষকদেরকে সমাজের নিকৃষ্ট প্রাণী হিসেবে চিহ্নিত করার এবং পারিবারিকভাবে হোক বা সামাজিকভাবে হোক তাদেরকে বয়কট করতে সকলের প্রতি আহ্বান জানান।
আলোকিত প্রতিদিন/৭ অক্টোবর’২০/এসএএইচ

