সৈয়দ এনামুল হুদাঃ দেশে গত ২৪ ঘণ্টায় মহামারি করোনা (কোভিড-১৯) ভাইরাসে আক্রান্ত হয়ে আরও ৪৮ জনের মৃত্যু হয়েছে। ফলে এ নিয়ে ভাইরাসটিতে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়ালো ৩ হাজার ৮৩ জনে। গত ২৪ ঘণ্টায় ভাইরাসটিতে আক্রান্ত হিসেবে আরও ২ হাজার ৬৯৫ জন শনাক্ত হয়েছে। এ নিয়ে শনাক্ত রোগীর সংখ্যা বেড়ে দাঁড়ালো ২ লাখ ৩৪ হাজার ৮৮৯ জনে। বৃহস্পতিবার (৩০ জুলাই) দুপুরে করোনা ভাইরাস বিষয়ক স্বাস্থ্য অধিদফতরের নিয়মিত হেলথ বুলেটিনে এ তথ্য জানান অধিদফতরের অতিরিক্ত মহাপরিচালক অধ্যাপক ডা. নাসিমা সুলতানা। তিনি পিসিআর-ল্যাবরেটরিতে নমুনা পরীক্ষার তথ্য তুলে ধরে জানান, করোনা ভাইরাস শনাক্তে গত ২৪ ঘণ্টায় ১২ হাজার ৬৬৭টি নমুনা সংগ্রহ করা হয়। এর মধ্যে পরীক্ষা করা হয় আগের কিছু মিলিয়ে ১২ হাজার ৯৩৭টি নমুনা। এ নিয়ে মোট নমুনা পরীক্ষা করা হলো ১১ লাখ ৬৪ হাজার ১৯৫টি। নতুন নমুনা পরীক্ষায় করোনা ভাইরাসে আক্রান্ত রোগী শনাক্ত হয়েছে ২ হাজার ৬৯৫ জন। এ নিয়ে মোট শনাক্ত রোগীর সংখ্যা দাঁড়ালো ২ লাখ ৩৪ হাজার ৮৮৯ জনে। আক্রান্তদের মধ্যে গত ২৪ ঘণ্টায় মারা গেছেন আরও ৪৮ জন। ফলে ভাইরাসটিতে মোট মৃত্যু হলো ৩ হাজার ৮৩ জনের। গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন আরও ২ হাজার ৬৬৮ জন। এ নিয়ে মোট সুস্থ রোগীর সংখ্যা দাঁড়ালো ১ লাখ ৩২ হাজার ৯৬০ জনে। বুলেটিনে আরো জানানো হয়, ২৪ ঘণ্টায় নমুনা পরীক্ষার তুলনায় শনাক্তের হার ২০ দশমিক ৮৩ শতাংশ এবং এ পর্যন্ত শনাক্তের হার ২০ দশমিক ১৮ শতাংশ। আর রোগী শনাক্ত বিবেচনায় সুস্থতার হার ৫৬ দশমিক ৬১ শতাংশ এবং মৃত্যুর হার ১ দশমিক ৩১ শতাংশ।
আলোকিত প্রতিদিন/৩০ জুলাই’২০/এসএএইচ

